ভাত, ডাল বা খিচুড়ি রান্নায় বাংলাদেশের প্রায় প্রতিটি ঘরে অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল ব্যবহার হয়। দামে কম, ওজনে হালকা, তাড়াতাড়ি গরমও হয়। কিন্তু নতুন এক গবেষণা বলছে, এসব পাত্র থেকে রান্নার সময় খাবারে মিশে যেতে পারে বিষাক্ত সিসা।
আইসিডিডিআর,বি এবং যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রজেক্ট আনলেডেড যৌথভাবে গবেষণাটি করেছে। ফলাফল প্রকাশিত হয়েছে নেচার গোষ্ঠীর এক্সপোজার সায়েন্স ও পরিবেশগত রোগতত্ত্ববিষয়ক সাময়িকীতে।
গবেষণায় যা মিলেছে
গবেষকেরা বিভিন্ন বাড়ি থেকে সাতটি ব্যবহৃত হাঁড়ি এবং বাজার থেকে ২০টি নতুন হাঁড়ি সংগ্রহ করে পরীক্ষা করেন। পুরোনো হাঁড়িতে প্রতি কেজিতে ২২৬ থেকে ৩৮০ মাইক্রোগ্রাম সিসা পাওয়া যায়। অবাক করা বিষয় হলো, নতুন হাঁড়িতে এর পরিমাণ ছিল আরও অনেক বেশি, প্রতি কেজিতে ১ হাজার ২৬০ থেকে ১ হাজার ৮২০ মাইক্রোগ্রাম।
নতুন হাঁড়িতে প্রথমবার রান্না করা ভাতে প্রতি কেজিতে সর্বোচ্চ ৩০৫ মাইক্রোগ্রাম এবং খিচুড়িতে ৪২০ মাইক্রোগ্রাম পর্যন্ত সিসা মিলেছে। সাতটি পুরোনো হাঁড়ির ছয়টিতে রান্না করা ভাতেও সিসার উপস্থিতি পাওয়া গেছে। তুলনার জন্য, যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন শিশুখাদ্যে সিসার সীমা বেঁধে দিয়েছে প্রতি কেজিতে মাত্র ১০ মাইক্রোগ্রাম।
কেন এই সমস্যা
বিশুদ্ধ অ্যালুমিনিয়ামে সিসা থাকে না। সমস্যার মূলে কাঁচামাল। দেশের অনেক ছোট কারখানায় পুরোনো ভাঙারি ও রিসাইকেল করা ধাতু গলিয়ে হাঁড়ি-পাতিল বানানো হয়, আর সেই কাঁচামাল পরীক্ষা করা হয় না। রান্নার তাপ এবং খাবারের সঙ্গে পাত্রের রাসায়নিক বিক্রিয়ায় সেই সিসা খাবারে চলে আসে। পুরোনো হাঁড়ি দিয়ে নতুন হাঁড়ি বা কাপড় বদলের প্রচলনও দূষিত ধাতুকে বাজারে ঘুরিয়ে আনছে।
শিশুদের জন্য বড় ঝুঁকি
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, রক্তে সিসার কোনো মাত্রাই পুরোপুরি নিরাপদ নয়। শিশুদের মস্তিষ্কের বিকাশে সিসা স্থায়ী ক্ষতি করতে পারে, যার প্রভাব পড়ে পড়াশোনা ও আচরণে। আরেক গবেষণায় দেখা গেছে, দেশের ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের প্রায় ৩৯ শতাংশের রক্তে প্রতি ডেসিলিটারে ৫ মাইক্রোগ্রাম বা তার বেশি সিসা রয়েছে।
কেনার সময় যা দেখবেন
চকচকে মানেই নিরাপদ নয়: গবেষণায় নতুন হাঁড়িতেই সিসা বেশি পাওয়া গেছে।
সিএম লাইসেন্স দেখুন: ২০২৬ সালের শুরু থেকে অ্যালুমিনিয়ামের রান্নার পাত্র বিএসটিআইয়ের বাধ্যতামূলক সার্টিফিকেশন মার্কস (সিএম) লাইসেন্সের আওতায় এসেছে। বিডিএস ১১১০:২০২৫ মানে সিসা, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ ও নিকেলের সীমা বেঁধে দেওয়া আছে।
নামহীন সস্তা পণ্য এড়িয়ে চলুন: ভাঙারি ধাতুর তৈরি অচেনা ব্র্যান্ডের হাঁড়িতেই ঝুঁকি বেশি।
বিকল্প কী
ভালো মানের স্টেইনলেস স্টিল বা মাটির পাত্র ব্যবহার করা যেতে পারে। তবে নিম্নমানের স্টিল থেকে ক্রোমিয়াম মিশতে পারে, আর রং করা মাটির পাত্রের রঙেও সিসা থাকতে পারে। তাই রংবিহীন মাটির পাত্র এবং পরিচিত ব্র্যান্ডের স্টিল বেছে নেওয়াই ভালো। শিশুর সিসা দূষণ নিয়ে দুশ্চিন্তা থাকলে চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করানো যায়।
এদিকে বিএসটিআই বাজার থেকে নমুনা সংগ্রহ শুরু করেছে। মানহীন পণ্যের বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং সব উৎপাদককে লাইসেন্সের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছে সংস্থাটি।
