চাঁদ তো একটাই, এমনটাই জানি আমরা। কিন্তু মাঝে মাঝে মহাকাশের ছোট ছোট পাথরখণ্ড পৃথিবীর মহাকর্ষের টানে আটকে গিয়ে কিছুদিনের জন্য আমাদের ‘অতিথি চাঁদ’ হয়ে ওঠে। এবার তেমনই একটি অতিথির খোঁজ পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। গ্রহাণুটির নাম দেওয়া হয়েছে ২০২৬ কিউকিউ৮।
কত বড়, কোথায় আছে
গ্রহাণুটির ব্যাস মাত্র দুই মিটারের মতো, অর্থাৎ একটি ছোট গাড়ির চেয়েও ছোট। চলতি বছরের এপ্রিলে এটি পৃথিবীর মহাকর্ষের আওতায় আসে, তারপর থেকে পৃথিবীকে ঘিরে একটি প্যাঁচানো কক্ষপথে ঘুরছে। পৃথিবী থেকে এর সবচেয়ে কাছের দূরত্ব প্রায় ৫ লাখ ৬৮ হাজার কিলোমিটার, যা চাঁদের দূরত্বের প্রায় দেড় গুণ।
তাই এর সঙ্গে পৃথিবীর সংঘর্ষের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। আকারে খুব ছোট বলে খালি চোখে বা সাধারণ টেলিস্কোপে এটি দেখা সম্ভব নয়।
কে খুঁজে পেলেন
হাঙ্গেরির জ্যোতির্বিজ্ঞানী ক্রিস্টিয়ান সার্নেস্কি গত আগস্টে প্রথম গ্রহাণুটি শনাক্ত করেন। সম্প্রতি আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়নের মাইনর প্ল্যানেট সেন্টার আনুষ্ঠানিকভাবে এই আবিষ্কারের তথ্য প্রকাশ করেছে।
কত দিন থাকবে
স্বাভাবিক অবস্থায় গ্রহাণুটি প্রায় ৩৫৯ দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে, অনেকটা পৃথিবীর মতোই। সে কারণেই পৃথিবীর কাছাকাছি এসে এটি সহজে মহাকর্ষের ফাঁদে পড়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাবে, পৃথিবীকে প্রায় দেড়বার প্রদক্ষিণ করার পর ২০২৭ সালে এটি আবার মহাকাশে ছিটকে বেরিয়ে যাবে।
মিনি মুন কি বিরল?
শুনতে অবাক লাগলেও বিষয়টি খুব বিরল নয়। গবেষণা বলছে, যেকোনো সময়ে পৃথিবীর চারপাশে এমন ছয়টি পর্যন্ত অস্থায়ী মিনি মুন থাকতে পারে। এগুলোর অনেকগুলোই সম্ভবত বহু আগে বড় কোনো সংঘর্ষে চাঁদ থেকে ছিটকে পড়া টুকরা। আকারে ছোট হওয়ায় বেশির ভাগই শনাক্ত হয় না। আধুনিক টেলিস্কোপ ও আকাশ পর্যবেক্ষণ প্রযুক্তির কারণে এখন এমন ক্ষুদ্র বস্তুও ধরা পড়ছে, যা গ্রহাণু নিয়ে গবেষণায় নতুন তথ্য দিচ্ছে।


