নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক মাদ্রাসায় মধ্যরাতে আগুন লেগে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছে অন্তত ৭৭ শিক্ষার্থী। সোমবার দিবাগত রাত ২টার দিকে সাইনবোর্ড এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
ঘুমন্ত শিক্ষার্থীরা আগুন টের পেয়ে আতঙ্কে ছোটাছুটি শুরু করে। অল্প সময়ের মধ্যে কালো ধোঁয়া ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় শ্বাসকষ্টে পড়া শিক্ষার্থীদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
চারজন আইসিইউতে
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, ধোঁয়ায় অসুস্থ ৭৭ শিক্ষার্থীকে সেখানে আনা হয়েছে। এর মধ্যে ১৪ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। গুরুতর অবস্থায় চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। কয়েকজনের শ্বাসনালি ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
আইসিইউতে থাকা শিক্ষার্থীরা হলো আজিজুল ইসলাম সিয়াম (১৪), ইউসুফ (২০), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)। বাকিরা চিকিৎসকদের পর্যবেক্ষণে আছে।
৪ ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টা
ফায়ার সার্ভিস জানায়, রাত ১টা ৫৫ মিনিটে আগুনের খবর পেয়ে তাদের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ৩টা ৪৪ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
শিক্ষার্থীরা জানায়, দ্বিতীয় তলায় মাদ্রাসার একটি গ্রন্থাগার ছিল। আগুনে সেটি পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি।



