ভর্তি পরীক্ষার সময় নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে ভিন্ন পথে হাঁটছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। ইউজিসি চায় সব সরকারি বিশ্ববিদ্যালয় একই সূচিতে ভর্তি কার্যক্রম চালাক। কিন্তু ঢাবি জানিয়ে দিয়েছে, তারা আগের ঘোষিত তারিখেই পরীক্ষা নেবে।

ইউজিসির সূচি কী

ইউজিসির সমন্বিত সূচি অনুযায়ী, আগামী জানুয়ারিতে আবেদন নেওয়া শুরু হবে এবং ফেব্রুয়ারিতে শুরু হবে ভর্তি পরীক্ষা। কমিশনের যুক্তি, এইচএসসির ফল পুনর্নিরীক্ষা ও সম্পূরক পরীক্ষার ফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীরাও যেন আবেদনের সুযোগ পান। সরকার ৩১ ডিসেম্বরের মধ্যে এসব ফল প্রকাশের লক্ষ্য নিয়েছে।

বিজ্ঞাপন খবরের পাশে থাকুক আপনার ব্র্যান্ডআর্টিকেলের ভেতরে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুনবিজ্ঞাপন দিন

ঢাবির সিদ্ধান্ত

ইউজিসির ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই সোমবার জরুরি সভা ডাকে ঢাবির কেন্দ্রীয় ভর্তি কমিটি। সভায় আগের সূচিই বহাল রাখার সিদ্ধান্ত হয়। এর আগে ২ আগস্টের সভায় ৫ থেকে ২৬ ডিসেম্বর ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করেছিল বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমুজাদ্দেদী আলফেসানীর ভাষ্য, প্রায় তিন মাস পিছিয়ে গেলে নতুন করে সেশনজট তৈরি হবে। করোনা মহামারির সময় বিশ্ববিদ্যালয় প্রায় দেড় বছর পিছিয়ে পড়েছিল, সেই ক্ষতি পুষিয়ে উঠতে লেগেছে চার বছর। আবার সেই পরিস্থিতিতে ফিরতে চায় না ঢাবি।

পুনর্নিরীক্ষার শিক্ষার্থীদের কী হবে

ফল পুনর্নিরীক্ষায় যাঁদের ফল বদলে ভর্তির যোগ্যতা তৈরি হবে, তাঁদের জন্য আবেদনের বাড়তি দুই দিন সময় রাখা হবে বলে জানিয়েছে ঢাবি প্রশাসন। তবে এ জন্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ন্যূনতম যোগ্যতা পূরণ করতে হবে। কর্তৃপক্ষের দাবি, এতে কোনো মেধাবী শিক্ষার্থী পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবেন না।

ইউজিসির সঙ্গে সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন না ঢাবির উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কম হওয়ায় ভর্তি আবেদনও আগের চেয়ে কম পড়বে বলে ধারণা করছে বিশ্ববিদ্যালয়।