এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মাধ্যমে দুই মাসের আমদানি দায় পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে। সেপ্টেম্বর ও অক্টোবরের আমদানি বিল বাবদ এবার মোট ১৬৪ কোটি (১ দশমিক ৬৪ বিলিয়ন) ডলার পরিশোধ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বৃহস্পতিবার (৫ নভেম্বর) এই পরিশোধের পর মোট রিজার্ভ ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন থেকে কমে ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে নেমেছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ ৩১ দশমিক ৫১ বিলিয়ন থেকে কমে হয়েছে ২৯ দশমিক ৯৮ বিলিয়ন ডলার।
আকু কী
আকু হলো এশিয়ার কয়েকটি দেশের মধ্যে আমদানি-রপ্তানির দায় নিষ্পত্তির একটি ব্যবস্থা। এর আওতায় সদস্যদেশগুলো প্রতিবার আমদানির দাম আলাদাভাবে না মিটিয়ে দুই মাস পরপর একসঙ্গে পরিশোধ করে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ইরান ও মালদ্বীপ এই ব্যবস্থার সদস্য।
তবে রিজার্ভের এই পতন সাময়িক বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। প্রবাসী আয় ও রপ্তানি আয়ের প্রবাহ থাকায় কয়েক দিনের মধ্যেই রিজার্ভ আবার বাড়বে বলে আশা করছে তারা।



