আসন্ন রমজান মাস সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য আমদানিতে বড় ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব পণ্যের আমদানি ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে নগদ মার্জিন সর্বনিম্ন পর্যায়ে রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে এই ন্যূনতম মার্জিন ঠিক করা যাবে। নির্দেশনাটি সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে এবং ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত বহাল থাকবে।

বিজ্ঞাপন খবরের পাশে থাকুক আপনার ব্র্যান্ডআর্টিকেলের ভেতরে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুনবিজ্ঞাপন দিন

যেসব পণ্য পাবে সুবিধা

চাল, গম বা আটা, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল (সয়াবিন ও পাম), চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানিতে এই সুবিধা মিলবে। এসব পণ্যের এলসি খোলায় অগ্রাধিকার দিতেও ব্যাংকগুলোকে বলা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, রোজায় চাহিদা বাড়ার সময় বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং দাম সহনীয় রাখাই এই সিদ্ধান্তের উদ্দেশ্য।

উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বরে কিছু পণ্যের আমদানিতে শতভাগ নগদ মার্জিন বাধ্যতামূলক করা হয়েছিল। গত বছরের নভেম্বরেও রোজার আগে একই ধরনের ছাড় দেওয়া হয়েছিল, যা ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর ছিল।