ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার দেশের প্রায় ৪ হাজার ৫০০ ইউপিতে পাঁচ ধাপে ভোট হবে। প্রথম ধাপে প্রায় ১ হাজার ৫০টি ইউপিতে ভোট গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে, যার সম্ভাব্য তারিখ ২১ জানুয়ারি।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
সম্ভাব্য সময়সূচি
প্রথম ধাপ: ২১ জানুয়ারি
দ্বিতীয় ধাপ: ৪ ফেব্রুয়ারি
তৃতীয় ধাপ: ২৯ এপ্রিল
চতুর্থ ধাপ: ১৩ মে
পঞ্চম ধাপ: ২৭ মে
জ্যেষ্ঠ সচিব জানান, অনেক ইউপির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সেগুলোকে প্রথম ধাপে রাখার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। আবহাওয়া ও উপকূলীয় এলাকার পরিস্থিতি মাথায় রেখে কোন ধাপে কোন ইউপি থাকবে, তা চূড়ান্ত করা হবে। বেশির ভাগ ইউপির ভোট প্রথম দুই ধাপেই শেষ করার পরিকল্পনা রয়েছে।
এই নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না বলেও জানান তিনি। আপাতত সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কোনো পর্যালোচনা চলছে না, ইসির মনোযোগ এখন শুধু ইউপি নির্বাচনে।
জাতীয় পরিচয়পত্র প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, কোনো কার্ডের মেয়াদ শেষ হয়নি এবং লেমিনেটেড কার্ডও বৈধ। সরবরাহজনিত সমস্যার কারণে স্মার্ট কার্ড বিতরণে দেরি হচ্ছে।



