নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ৯ নভেম্বর ২০২৬
রাজনীতি মানেই শুধু মিছিল, সভা কিংবা স্লোগান নয়; মানুষের পাশে দাঁড়িয়ে সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখাও নেতৃত্বের গুরুত্বপূর্ণ অংশ। সেই ভাবনা থেকেই শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন ঢাকা মহানগর পশ্চিমের ভাষানটেক থানা ছাত্রদলের সভাপতি শাকিল আহমাদ।
তাঁর নেতৃত্বে গত দুই বছরে ভাষানটেক এলাকায় গড়ে উঠেছে বি.আর.পি পাঠাগার ও পাঠশালা। সেখানে বই পড়ার পাশাপাশি সন্ধ্যায় সুবিধাবঞ্চিত শিশুদের বিনা মূল্যে পাঠদান ও খাবারের ব্যবস্থা রয়েছে।
এ ছাড়া এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ২০২৬-২৭ শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য দুই দিনব্যাপী বিনা মূল্যে ভর্তি সহায়তা ক্যাম্পের আয়োজন করা হয়। এসব উদ্যোগে শাকিল আহমাদ নিজেও সরাসরি অংশ নেন।

শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যসেবায়ও রয়েছে তাঁর উদ্যোগ। গত ১৩ সেপ্টেম্বর ভাষানটেক এলাকায় বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এতে নারী, শিশু ও প্রবীণসহ বিভিন্ন বয়সী মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। এর আগে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন তিনি।
এসব উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয় শাকিল আহমাদ। জুলাই গণঅভ্যুত্থানের কর্মসূচি, বিএনপির ৩১ দফা নিয়ে উঠান বৈঠক, নির্বাচনী প্রচারণা, দলীয় র্যালি ও বিভিন্ন সাংগঠনিক কর্মসূচিতে তাঁর নেতৃত্বে অংশ নিয়েছেন ভাষানটেক থানা ছাত্রদলের নেতাকর্মীরা।
রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে গুরুত্ব দিয়ে স্থানীয় পর্যায়ে কাজ করার এই প্রচেষ্টা শাকিল আহমাদের নেতৃত্বের একটি ভিন্ন দিক তুলে ধরছে। এসব উদ্যোগের ধারাবাহিকতা ও কার্যকারিতা বজায় থাকলে তা স্থানীয় সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
রাজপথের কর্মসূচির পাশাপাশি মানুষের প্রয়োজন ও সামাজিক দায়বদ্ধতাকে গুরুত্ব দেওয়ার মধ্য দিয়েই গড়ে উঠুক আগামীর নেতৃত্ব—এমন প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।



