যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার ‘হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জ (হার্ক) ২০২৭’-এ অংশ নেওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশের একদল স্কুলশিক্ষার্থী। ‘বাংলাদেশ ইন্টারপ্ল্যানেটারি রোভার টিম’ নামের দলটি প্রতিযোগিতার মিডল/হাইস্কুল রিমোট কন্ট্রোল বিভাগে নির্বাচিত হয়েছে।

এই বিভাগে বিশ্বের ১৩টি দল জায়গা পেয়েছে। তাদের মধ্যে বাংলাদেশ তো বটেই, পুরো এশিয়া থেকে এটিই একমাত্র দল। চূড়ান্ত পর্ব হবে ২০২৭ সালের ২১ থেকে ২৪ এপ্রিল, যুক্তরাষ্ট্রের আলাবামার হান্টসভিলে ইউএস স্পেস অ্যান্ড রকেট সেন্টারে।

বিজ্ঞাপন খবরের পাশে থাকুক আপনার ব্র্যান্ডআর্টিকেলের ভেতরে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুনবিজ্ঞাপন দিন

দলে যাঁরা আছেন

বিভিন্ন স্কুল ও কলেজের নবম থেকে দ্বাদশ শ্রেণির পাঁচ শিক্ষার্থী নিয়ে দলটি গঠিত। দলনেতা শাফি বিন সুলতান সামলাচ্ছেন যান্ত্রিক নকশা, ইলেকট্রিক্যাল কাজ ও জমা দেওয়ার বিষয়গুলো। সহ-দলনেতা সাবিক বিন সুলতান দেখছেন রোভারের সামগ্রিক নকশা ও কারিগরি সমন্বয়।

যান্ত্রিক বিভাগের প্রধান ও পাইলট সাফওয়ান সাদাদ কাজ করছেন রোভারের কাঠামো ও চালনাব্যবস্থা নিয়ে। মারিয়া সুলতান রোভার চালানো ও নথিপত্রের দায়িত্বে আছেন। আর নিরাপত্তা কর্মকর্তা হিসেবে আছেন অরণ্য আবীর খান প্রাপ্য।

দলটির পরামর্শক সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক সুদেব পাল এবং ইউনিভার্সিটি অব স্কলার্সের ইইই বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক আবু এম ফুয়াদ।

নয় মাসব্যাপী এই প্রতিযোগিতায় দলগুলোকে কঠিন ভূপ্রকৃতিতে চলতে সক্ষম রোভার তৈরি করে নির্ধারিত মিশন সম্পন্ন করতে হয়। ৮ অক্টোবর নির্বাচনের খবর পায় দলটি। সামনে নকশা পর্যালোচনাসহ কয়েকটি ধাপ পেরোতে হবে তাদের, যার উপস্থাপনা চলবে ৩০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত।