গাড়িতে ফোন যুক্ত করে ম্যাপ দেখা, গান শোনা বা কথা বলার জনপ্রিয় সেবা অ্যান্ড্রয়েড অটো আর চলবে না পুরোনো অ্যান্ড্রয়েড সংস্করণে। গুগল তাদের সহায়তা পাতা হালনাগাদ করে অ্যান্ড্রয়েড ৯ ও অ্যান্ড্রয়েড ১০-কে সমর্থিত তালিকা থেকে সরিয়ে দিয়েছে। এখন সেবাটি ব্যবহার করতে ফোনে অন্তত অ্যান্ড্রয়েড ১১ থাকতে হবে।

গত মাসেই গুগল ইঙ্গিত দিয়েছিল, অ্যান্ড্রয়েড ১০-এর ফোনগুলো শিগগিরই এই সুবিধা হারাবে। এবার সহায়তা পাতা বদলে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল প্রতিষ্ঠানটি। প্রযুক্তি সাইট স্যামমোবাইল প্রথম বিষয়টি সামনে আনে।

বিজ্ঞাপন খবরের পাশে থাকুক আপনার ব্র্যান্ডআর্টিকেলের ভেতরে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুনবিজ্ঞাপন দিন

কোন ফোনগুলো বাদ পড়ছে

  • গ্যালাক্সি এস৯ সিরিজ

  • গ্যালাক্সি নোট৯ সিরিজ

  • গ্যালাক্সি এ৫০

  • গ্যালাক্সি এ৮০

  • অ্যান্ড্রয়েড ১০ বা তার আগের সংস্করণে আটকে থাকা অন্যান্য ফোন

এসব ফোন নির্মাতার কাছ থেকে আর বড় সফটওয়্যার হালনাগাদ পায় না। তাই অ্যান্ড্রয়েড ১১-এ ওঠার কোনো আনুষ্ঠানিক উপায়ও নেই।

আপনার ফোন পরীক্ষা করবেন যেভাবে

ফোনের সেটিংস থেকে ‘অ্যাবাউট ফোন’ বা ‘ফোন সম্পর্কে’ অংশে গিয়ে ‘সফটওয়্যার ইনফরমেশন’-এ অ্যান্ড্রয়েড সংস্করণ দেখা যায়। সেখানে ১১ বা তার বেশি লেখা থাকলে চিন্তার কিছু নেই।

যাঁদের ফোন অ্যান্ড্রয়েড ১০ বা তার আগের সংস্করণে, তাঁদের জন্য নতুন ফোনে যাওয়াই একমাত্র উপায়। এখন স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ ফোনগুলো সাত বছর পর্যন্ত সফটওয়্যার হালনাগাদের নিশ্চয়তা দেয়। তাই নতুন ফোন কেনার সময় কত বছর হালনাগাদ পাওয়া যাবে, তা দেখে কেনাই ভালো।