টানা দুই দিনে রাজধানী ও আন্তজেলা রুটে অন্তত ছয়টি বাসে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে পরিবহন খাতে। ৬ ও ৭ নভেম্বর এসব ঘটনা ঘটে। এর মধ্যে বারিধারায় বৈশাখী পরিবহনের একটি বাস পুড়িয়ে দেওয়া হয়। বিভিন্ন জায়গায় বাস ভাঙচুরের খবরও পাওয়া গেছে।
ঘটনার পর বাসমালিক ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। নাশকতাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) লিখিতভাবে অনুরোধ জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
পুলিশ যা বলছে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এসব ঘটনাকে জনমনে ভীতি ছড়ানোর উদ্দেশ্যে পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে। প্রতিটি ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির এক কর্মকর্তা।
পুলিশের তথ্যমতে, এসব ঘটনায় এখন পর্যন্ত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একটি নিষিদ্ধ সংগঠন এবং একটি রাজনৈতিক দলের সহযোগী সংগঠনের সদস্যরা রয়েছেন। একই সময়ে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সোমবার ডিএমপি কার্যালয়ে পরিবহনমালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসবে পুলিশ।



