রোহিঙ্গা সংকট এখন বাংলাদেশের জন্য নিরাপত্তার উদ্বেগে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার (৮ নভেম্বর) এক নীতিসংলাপে তিনি বলেন, সমস্যাটি মানবিক সংকটের গণ্ডি পেরিয়ে গেছে।

প্রতিমন্ত্রীর মতে, এই সংকটের কারণে কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চল ঝুঁকিতে রয়েছে। সীমান্ত দিয়ে প্রতিদিন মাদক ও মানব পাচার হচ্ছে। গত এক দশকে ক্যাম্পগুলোর ভেতরে সশস্ত্র গোষ্ঠী গড়ে উঠেছে, যাদের মধ্যে সংঘর্ষে প্রাণহানিও ঘটছে।

বিজ্ঞাপন খবরের পাশে থাকুক আপনার ব্র্যান্ডআর্টিকেলের ভেতরে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুনবিজ্ঞাপন দিন

এর দুই দিন আগে টেকনাফে মানব পাচারকারীদের একটি আস্তানায় অভিযান চালানো হয়। সেখানে সেনাবাহিনীর এক সদস্য নিহত হন এবং ৫৭ জন জিম্মিকে উদ্ধার করা হয়।

সমাধানের পথ

শামা ওবায়েদ বলেন, এই সংকটের সমাধান হতে হবে রাজনৈতিক। এর জন্য জাতীয় ঐকমত্য ও প্রাতিষ্ঠানিক সমন্বয় দরকার। মিয়ানমার ও আরাকান আর্মির ওপর চাপ সৃষ্টিতে দেশের রাজনৈতিক দলগুলোকে এক কাতারে আসার আহ্বান জানান তিনি।

প্রত্যাবাসনের একটি স্পষ্ট রূপরেখা, পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া দ্রুত করা এবং নিরাপদ প্রত্যাবর্তনের শর্ত নির্ধারণের ওপর জোর দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে কঠোর পদক্ষেপের কথা বলেন তিনি।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জাতিসংঘ ও অংশীদার দেশগুলোর মাধ্যমে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়ানো এবং দেশটিকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান তিনি। রোহিঙ্গা ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য সহায়তা অব্যাহত রাখার অনুরোধও করেন শামা ওবায়েদ।