সরকারি কর্মচারীদের জন্য বরাদ্দ করা বাসায় সাবলেট বা ভাড়াটে রাখার বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকারি আবাসন পরিদপ্তর। বেঁধে দেওয়া সময়ের পরও যেসব বাসা থেকে ভাড়াটে সরানো হয়নি, সেগুলোর তালিকা তৈরি করে অভিযান চালানো হবে।

গত ২৯ অক্টোবর এক গণবিজ্ঞপ্তিতে ৩১ অক্টোবরের মধ্যে সব সাবলেট ও ভাড়াটেকে বাসা ছাড়তে বলেছিল পরিদপ্তর। এরপর অনেকেই দ্রুত বাসা ছেড়ে দেন, যাঁদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরাও ছিলেন। এত কম সময় দেওয়া নিয়ে কেউ কেউ ক্ষোভও প্রকাশ করেন।

বিজ্ঞাপন খবরের পাশে থাকুক আপনার ব্র্যান্ডআর্টিকেলের ভেতরে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুনবিজ্ঞাপন দিন

পরিদর্শনে পাঁচ দল

পরিদপ্তরের হিসাবে ঢাকায় ২৭টি সরকারি আবাসিক এলাকায় সব গ্রেড মিলিয়ে প্রায় ১৯ হাজার ৯১টি বাসা রয়েছে। সবচেয়ে বেশি, প্রায় ৩ হাজার ৪০৪টি বাসা আজিমপুরে। এরপর রয়েছে মিরপুরের পাইকপাড়া (প্রায় ১ হাজার ৭৩০টি), মতিঝিলের এজিবি কলোনি (প্রায় ১ হাজার ১১২টি) ও শিয়ালবাড়ি (প্রায় ১ হাজার ৯১টি)।

কারা বাসা ছেড়েছেন আর কারা ছাড়েননি, তা যাচাইয়ে পাঁচটি তদন্ত দল এসব এলাকা ঘুরে দেখছে। পূর্ণাঙ্গ তালিকা হাতে পাওয়ার পরই অভিযান শুরু হবে, তাই এখনো নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি।

পরিদপ্তরের পরিচালক জহিরুল ইসলাম খান জানান, বিজ্ঞপ্তির পর অনেকে বাসা ছাড়লেও কিছু জায়গায় এখনো ভাড়াটে থাকার তথ্য মিলেছে। সংশ্লিষ্ট কর্মচারীদের কাছে আগে কারণ জানতে চাওয়া হবে। এরপর সরকারি বাসা বরাদ্দ বিধিমালা অনুযায়ী বরাদ্দ বাতিলসহ ব্যবস্থা নেওয়া হবে।