জনগণের প্রতি আরও সংবেদনশীল ও সেবামুখী প্রশাসন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৮ নভেম্বর) রাতে সাভারের বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) নবীন বিসিএস কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকারি দপ্তরে যেকোনো বয়সের মানুষ যেন হয়রানি ছাড়াই সেবা পান, তা নিশ্চিত করতে হবে। নিজে যেমন আচরণ আশা করেন, সেবাপ্রার্থীর সঙ্গেও তেমন আচরণ করতে কর্মকর্তাদের পরামর্শ দেন তিনি।
‘ভুল হলে পথ দেখিয়ে দিন’
আইন মেনে চলার পাশাপাশি মানবিক হওয়ার ওপর জোর দেন তারেক রহমান। তিনি বলেন, কোনো আবেদনকারী ভুল করলে তা ফিরিয়ে না দিয়ে কোথায় ভুল এবং কীভাবে সংশোধন করতে হবে, তা বুঝিয়ে দেওয়া উচিত।
কর্মকর্তাদের দেশের যেকোনো প্রান্তে, যেকোনো দায়িত্বে কাজ করার মানসিকতা রাখতে বলেন প্রধানমন্ত্রী। পছন্দের পদায়ন বা পদোন্নতির জন্য সততার সঙ্গে আপস না করারও পরামর্শ দেন তিনি।
রাজনৈতিক দলের প্রতি সমর্থন থাকা দোষের নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেই সমর্থন প্রকাশের জায়গা ভোটকেন্দ্র, সরকারি অফিস নয়। জনগণ ভোট দিয়ে যে নির্বাচনী ইশতেহার সমর্থন করেছে, তা বাস্তবায়নই প্রশাসনের কাজ। ঘরবাড়ি, অফিস ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতেও ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
চার মাসব্যাপী কোর্সে সেরা ফল করা ১০ কর্মকর্তার হাতে অনুষ্ঠানে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী।



