রাজধানীতে পুলিশের দুটি স্থাপনা লক্ষ্য করে রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় ককটেল ছোড়া হয়েছে। সাড়ে সাতটার দিকে মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ের ভেতরে এবং প্রায় একই সময়ে পল্লবী থানার মূল ফটকের সামনে বিস্ফোরণ ঘটে।

পল্টন থানা-পুলিশ জানায়, মগবাজার-মৌচাক উড়ালসড়কের ওপর থেকে ককটেলটি সিআইডি প্রাঙ্গণে ছুড়ে মারা হয়। সেটি ভেতরে রাখা পুলিশের বিশেষ শাখার (এসবি) একটি গাড়ির কাছে গিয়ে বিস্ফোরিত হয়। এ ঘটনায় কেউ আহত হননি।

বিজ্ঞাপন খবরের পাশে থাকুক আপনার ব্র্যান্ডআর্টিকেলের ভেতরে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুনবিজ্ঞাপন দিন

পল্লবীতেও হামলাকারীরা উড়ালসড়ক থেকে ককটেল ছোড়ে, যা থানার প্রধান ফটকের সামনে বিস্ফোরিত হয়। সেখানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

একই সন্ধ্যায় আরও বিস্ফোরণ

পুলিশ জানিয়েছে, একই সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও আট-নয়টি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচি ঘোষণা করা নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পলাতক নেতা-কর্মীরা এসব ঘটনার পেছনে থাকতে পারেন বলে সন্দেহ করছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলছে, সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সিআইডি ও পল্লবীর ঘটনায় এখনো কাউকে শনাক্ত করার কথা জানানো হয়নি। আতঙ্ক ছড়াতেই পরিকল্পিতভাবে এসব নাশকতা চালানো হচ্ছে বলে মনে করছে পুলিশ।