আন্তর্জাতিক অঙ্গনে আবারও সুখবর বাংলাদেশের নির্মাতাদের জন্য। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের মর্যাদাপূর্ণ জাপান প্রাইজ ২০২৬-এর প্রপোজাল পিচ বিভাগে চূড়ান্ত পর্বে উঠেছে দেশের দুটি প্রামাণ্যচিত্র প্রকল্প। চূড়ান্ত ছয়টি প্রকল্পের বাকি চারটি ইন্দোনেশিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা ও কলম্বিয়ার।
খুদি বাড়ি: চরের মানুষের ঘরের খোঁজ
স্বাধীন নির্মাতা মো. হাসানুল হক জ্যাকির ‘খুদি বাড়ি’ নির্মিত হচ্ছে অ্যাডামেন্ট স্টুডিওসের ব্যানারে। নদীভাঙন আর বন্যায় বারবার ঘর হারানো চরাঞ্চলের মানুষের জীবন উঠে এসেছে এতে। গল্পের কেন্দ্রে আছেন চরের বাসিন্দা ঝর্ণা, যাঁর জন্য স্থপতি মেরিনা তাবাশ্যুম নকশা করেছেন কম খরচের এমন একটি ঘর, যা দুর্যোগের পর সহজে খুলে অন্য জায়গায় সরিয়ে নেওয়া যায়। জলবায়ু পরিবর্তনের মধ্যে একটু স্থায়ী আশ্রয়ের সন্ধানই প্রামাণ্যচিত্রটির মূল বিষয়। এর আগে ‘দ্য স্টোরি অব দ্য ডিউ’ নির্মাণ করে প্রশংসা পেয়েছিলেন জ্যাকি।
এফ মাইনর: সুরে স্বাধীনতার গল্প
মাহফুজা আক্তারের ‘এফ মাইনর: ভয়েস অব ফ্রিডম’ নির্মিত হচ্ছে চ্যানেল আইয়ের প্রযোজনায়। দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচ তরুণীকে নিয়ে গড়া ব্যান্ড এফ মাইনরের গান, ব্যক্তিজীবন আর সংগীতে ক্যারিয়ার গড়ার লড়াই উঠে আসবে এতে। মাহফুজা আক্তার রেডিও নেদারল্যান্ডস ট্রেনিং সেন্টারের ফেলোশিপ পেয়েছেন, প্রি জুনেস ফাউন্ডেশনের প্রতিযোগিতায় বিচারকও ছিলেন। কালারস অব এশিয়া, ওয়ান এশিয়া এবং পিএমএ গ্লোবাল গ্রান্টের মতো আন্তর্জাতিক স্বীকৃতিও আছে তাঁর ঝুলিতে।
জাপান প্রাইজ কী
শিক্ষামূলক অনুষ্ঠান নির্মাণে উৎসাহ দিতে ১৯৬৫ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে এনএইচকে। এ বছর ৫৯টি দেশ ও অঞ্চল থেকে জমা পড়েছিল ৪১৩টি কাজ। টোকিওতে ১৬ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে জাপান প্রাইজ উৎসব। শেষ দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রপোজাল পিচ বিভাগের বিজয়ীর নাম ঘোষণা করা হবে।



