টেলিভিশন নাটকের পরিচিত মুখ মেঘলা মুক্তার বাবা মিজানুর রহমান দুলাল সোমবার (৯ নভেম্বর) রাত থেকে নিখোঁজ রয়েছেন। রাজধানীর উত্তরায় একটি নির্মাণাধীন ভবনের কাজ দেখাশোনা শেষে বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় ফেরার জন্য রওনা হয়েছিলেন তিনি। এরপর আর বাসায় ফেরেননি।

পরিবারের সদস্যরা জানান, রাত পৌনে ৯টার দিকে তাঁর মুঠোফোন বন্ধ হয়ে যায়। তখন থেকে আর কোনোভাবেই তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

বিজ্ঞাপন খবরের পাশে থাকুক আপনার ব্র্যান্ডআর্টিকেলের ভেতরে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুনবিজ্ঞাপন দিন

রাতভর খোঁজাখুঁজি

বাবার খোঁজে রাতভর উত্তরার বিভিন্ন এলাকা এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালসহ আশপাশের হাসপাতালে ঘুরেছেন মেঘলা ও তাঁর স্বজনেরা। কিন্তু কোথাও তাঁর সন্ধান মেলেনি। এ ঘটনায় উত্তরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ ও স্বজনেরা বিভিন্ন এলাকায় তাঁর ছবি ছড়িয়ে দিয়ে খোঁজ চালাচ্ছেন।

ফেসবুকে আকুতি

ফেসবুকে বাবার ছবি দিয়ে সবার সহযোগিতা চেয়েছেন মেঘলা মুক্তা। তিনি জানান, তাঁর বাবা গুরুতর অসুস্থ, তাই পরিবারের সবাই চরম দুশ্চিন্তায় আছেন। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও বাবাকে পাওয়া যায়নি, এই মুহূর্তে সবার সাহায্য তাঁর খুব দরকার।

মিজানুর রহমান দুলালের কোনো খোঁজ পেলে নিকটস্থ থানায় বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর অনুরোধ করা হয়েছে।