বিসিবির সাবেক সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম নতুন দায়িত্ব পেয়েছেন পাকিস্তানের ক্রিকেটে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স তাঁকে তাদের হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে।

কী করবেন আমিনুল

ফ্র্যাঞ্চাইজিটির বিবৃতি অনুযায়ী, হাই-পারফরম্যান্স সেন্টারের উন্নয়ন, খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি, কোচিংয়ের মান বাড়ানো এবং তরুণ ক্রিকেটারদের সামনে এগোনোর পথ তৈরিতে পরামর্শ দেবেন তিনি। পাশাপাশি তৃণমূলে ক্রিকেট ছড়িয়ে দেওয়া এবং বাংলাদেশে লাহোর কালান্দার্সের কার্যক্রম বিস্তৃত করাও এই উদ্যোগের লক্ষ্য।

বিজ্ঞাপন খবরের পাশে থাকুক আপনার ব্র্যান্ডআর্টিকেলের ভেতরে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুনবিজ্ঞাপন দিন

আন্তর্জাতিক ক্রিকেট ও প্রশাসনে আমিনুলের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগাতে চায় দলটি। তৃণমূল থেকে প্রতিভা খুঁজে বের করার কার্যক্রমের জন্য লাহোর কালান্দার্স এমনিতেই পরিচিত। ২০১৬ সাল থেকে পিএসএলে খেলা দলটি এখন পর্যন্ত তিনবার শিরোপা জিতেছে।

উন্নয়নে দীর্ঘ অভিজ্ঞতা

খেলা ছাড়ার পর ক্রিকেট উন্নয়নের কাজেই বেশি সময় কাটিয়েছেন আমিনুল। শুরুতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) ক্রিকেট ডেভেলপমেন্ট অফিসার ছিলেন। এরপর ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা এক দশক আইসিসির এশিয়া অঞ্চলের ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজারের দায়িত্ব পালন করেন। এশিয়ার অনেক সহযোগী দেশের ক্রিকেট কাঠামো দাঁড় করাতে ভূমিকা রেখেছেন তিনি। পরে বিসিবির সভাপতির দায়িত্বও সামলেছেন।

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে নাম

১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন আমিনুল। ১৯৯৯ সালে দেশের প্রথম বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেন তিনি। আর ২০০০ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম লেখান, যা আজও দেশের ক্রিকেটের অন্যতম স্মরণীয় মুহূর্ত।