আগামী বছরের ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টের আগে আরেকটি টেস্ট ম্যাচ পাচ্ছে বাংলাদেশ। এসেক্সের চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুরুতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) কেবল লর্ডসে একটি টেস্টের আমন্ত্রণ জানিয়েছিল। সফর দীর্ঘ করতে ইংল্যান্ডের সঙ্গে সীমিত ওভারের কিছু ম্যাচ যোগ করার চেষ্টা করেছিল বিসিবি, তবে তা সম্ভব হয়নি। এরপর আইরিশ বোর্ডের সঙ্গে আলোচনা করে বাড়তি টেস্টটি নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন খবরের পাশে থাকুক আপনার ব্র্যান্ডআর্টিকেলের ভেতরে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুনবিজ্ঞাপন দিন

নতুন ভেন্যুতে প্রথম টেস্ট

চেমসফোর্ডের মাঠে এর আগে ছয়টি ওয়ানডে হলেও কোনো টেস্ট হয়নি। ফলে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ দিয়েই ভেন্যুটির টেস্ট অভিষেক হতে যাচ্ছে। ম্যাচের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

দুই টেস্টের আগে বাংলাদেশ তিন বা চার দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলবে। আর মে মাসে লর্ডসে হবে ইংল্যান্ডের বিপক্ষে মূল টেস্ট। শুরুতে ম্যাচটি ওভালে হওয়ার কথা থাকলেও পরে লর্ডসে সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে তিনবার দেখা

টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে এর আগে তিনবার খেলেছে বাংলাদেশ। এর মধ্যে দুটি মিরপুরে, একটি সিলেটে। এবারই প্রথম দেশের বাইরে দুই দল টেস্টে মুখোমুখি হবে।

এর আগে ফেব্রুয়ারিতে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। ফলে কয়েক মাসের ব্যবধানে দুই দেশের মাটিতেই ইংলিশদের বিপক্ষে লাল বলের ক্রিকেট খেলবে বাংলাদেশ।